উত্তর আমেরিকা

পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

ওয়াশিংটন, ১৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি আগস্ট মাসের শেষে তিনি তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। মূলত তার দুই শিশু সন্তান ও পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই ২৮ বছর বয়সী লেভিট এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা লেভিট প্রশাসনিক পদ ছাড়লেও ট্রাম্পের শীর্ষ বাহ্যিক উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে সক্রিয় থাকবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন যে ক্যারোলিন এখন থেকে তার অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

একই সঙ্গে একজন মা হিসেবে সন্তানদের সময় দেওয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা অত্যন্ত সম্মানজনক। ট্রাম্পের এই ঘোষণার পর ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া এক বার্তায় জানান যে প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা ছিল তার জীবনের অন্যতম বড় সম্মানের বিষয়।

লেভিট উল্লেখ করেন যে বিশ্বের অন্যতম কঠিন চাকুরি করার পাশাপাশি একজন মা হওয়া এবং নতুন সন্তানের যত্ন নেওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। বিশেষ করে তার দ্বিতীয় সন্তান জন্মের পর তিনি অনুভব করেন যে কর্মক্ষেত্রে যে পরিমাণ সময় ও একাগ্রতা প্রয়োজন তা বজায় রেখে নিজের সন্তানদের জন্য সেরা মা হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। আর এই কারণেই তিনি জীবনের এই নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের মে মাসে ক্যারোলিন লেভিট ও তার স্বামী নিকোলাস রিকিও দ্বিতীয় সন্তানের জনক জননী হন। তাদের দুই বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি কাজে ফিরলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত জীবনের অগ্রাধিকারকেই প্রাধান্য দিয়েছেন।

হোয়াইট হাউসের এই গুরুত্বপূর্ণ পদে লেভিটের উত্তরসূরি কে হবেন তা এখনো প্রকাশ করা হয়নি। লেভিট এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি এবং পরবর্তীতে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে লেভিটের সম্পর্ক ছিল বেশ অম্ল মধুর।

তিনি বিভিন্ন সময় সাংবাদিকদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার সীমা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তবে কনজারভেটিভ মহলে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language