মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় স্থবিরতা, হরমুজ প্রণালি নিয়ে বাড়ছে উত্তেজনা

তেহরান, ১৩ আগস্ট – উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, অন্তর্বর্তীকালীন শান্তিচুক্তি পুনরুজ্জীবিত করা এবং এটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়নি।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে সম্প্রতি জাহাজে হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার পর এই সংকট সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।

গত জুন মাসে উভয় দেশের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেখানে সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের কথা বলা হয়েছিল। তবে ট্রাম্প চুক্তিটিকে মৃত ঘোষণা করার পর গত সপ্তাহে ইরানও জানায় যে চুক্তিটি বর্তমানে স্থগিত রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্যদিকে তেহরানের অভিযোগ যুক্তরাষ্ট্র তাদের সম্পদ অবমুক্ত করা এবং বন্দর থেকে অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ থাকবে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। জুনের চুক্তিতে ৬০ দিনের একটি সময়সীমা দেওয়া হলেও ইরানের পক্ষ থেকে তা বাড়ানোর বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের একটি বড় অংশ পরিবহন করা হয়। এই নৌপথ বন্ধ থাকায় এবং সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language