ইরান উপকূলে মার্কিন রণতরীর নাবিকদের মধ্যে বাড়ছে চরম অস্থিরতা ও আত্মহত্যার প্রবণতা

ওয়াশিংটন, ১২ আগস্ট – ইরান উপকূলে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকরা চরম মানসিক ক্লান্তি ও ক্ষোভের মুখে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান এবং অভিযানের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ায় নাবিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জাহাজে কর্মরত নাবিকদের পরিবার ও স্বজনদের গভীর উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। গত বছরের নভেম্বর মাসে এই রণতরীটির অভিযান শুরু হয়েছিল এবং চলতি বছরের মে মাসে তা শেষ হওয়ার কথা ছিল। তবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছাড়াই এর অবস্থান অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করা হয়েছে।
বন্দরে নোঙর করার সুযোগ না পাওয়া এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে রণতরীতে তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ার পাশাপাশি সাবান ও টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীরও ঘাটতি রয়েছে।
মিলিটারি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসকে দেওয়া সাক্ষাৎকারে নাবিকদের স্বজনরা বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। জানা গেছে যে অন্তত দুটি ঘটনায় নাবিকরা জাহাজ থেকে সমুদ্রে লাফ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাদের নিবৃত্ত করেন।
এই সংকট মোকাবিলায় পেন্টাগন বিকল্প রণতরী পাঠানোর পরিকল্পনা করলেও এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। এদিকে ইরান ও ইসরায়েলকেন্দ্রিক সামরিক তৎপরতার বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রেও জনরোষ বাড়ছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এস এম/ ১২ আগস্ট ২০২৬









