বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করল কানাডা সরকার

ঢাকা, ১২ আগস্ট – বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা সরকার। ওটাওয়ার হালনাগাদ করা এই সতর্কবার্তায় বাংলাদেশকে এখনও উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করার তালিকায় রাখা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে যে রাজনৈতিক উত্তেজনা এবং সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত হতে পারে। এই পরিস্থিতিতে আকস্মিক যান চলাচল বিঘ্নিত হওয়া এবং সহিংস সংঘাতের আশঙ্কা রয়েছে।
এই কারণে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণ ইচ্ছুক কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা সরকার।
সেখানে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার জন্য নাগরিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা এবং অপহরণের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও একই ধরনের সতর্কতা জারি করেছিল কানাডা।
এস এম/ ১২ আগস্ট ২০২৬









