দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৭২ জন

ঢাকা, ৯ আগস্ট – দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৬৭২ জন রোগী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তিসহ মোট প্রাণহানির এই সংখ্যা দাঁড়িয়েছে। এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৪৫ জনে পৌঁছেছে।
অন্যদিকে গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১১ জন। এ নিয়ে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৪৪ জনে। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ১৪০ জন, ময়মনসিংহে ২৭ জন এবং রাজশাহী বিভাগে ৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
মাসভিত্তিক মৃত্যু পর্যালোচনায় দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জন মারা গেছেন। আগস্টের এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭ জন।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









