মধ্যপ্রাচ্য

ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে অব্যাহতি

তেল আবিব, ৮ আগস্ট – ইরানে বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ার জেরে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

অপসারিত এই দুই কর্মকর্তা মোসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান বিভাগ এবং গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মোসাদের বর্তমান পরিচালক রোমান গোফম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন যা সংস্থার অভ্যন্তরীণ পর্যায়ে বিস্ময় ও তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক সূত্রের বরাতে দাবি করেছে যে রোমান গোফম্যান যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন তখন তিনি ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনার অন্যতম প্রবক্তা ছিলেন। অভিযোগ উঠেছে যে এই সামরিক ও গোয়েন্দা পরিকল্পনাটির ব্যর্থতার দায় থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আড়াল করতেই দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল যে মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া ইরানের বর্তমান প্রশাসনের পতন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছিলেন। ওই পরিকল্পনায় কুর্দি বাহিনীর স্থল আক্রমণ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য যে ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করা এবং দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন চাওয়া দীর্ঘকাল ধরেই নেতানিয়াহুর অন্যতম কৌশলগত লক্ষ্য। গত ২ জুন মোসাদের প্রধান হিসেবে রোমান গোফম্যানের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button