জাতীয়

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ইমরান হায়দার

ঢাকা, ৬ আগস্ট – রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখা যায় কক্ষে বড় কোনো আগুন নেই কিন্তু প্রচুর ধোঁয়া ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো কক্ষ পরীক্ষা করেন এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কক্ষের টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনার সময় এবং এর পরবর্তী কিছুক্ষণ পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী সুস্থ ছিলেন। তবে ঘরে সৃষ্টি হওয়া প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে তারা অসুস্থ বোধ করেন। সকাল ৯টার দিকে তাদের দ্রুত গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের অ্যাডমিশন বিভাগ সূত্রে জানা গেছে, হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে আইসিইউতে এবং তার স্ত্রী নাইমা ইমরান ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এনএন/ ৬ আগস্ট ২০২৬


Back to top button