চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন: মীর শাহে আলম

সিলেট, ৬ আগস্ট – চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে এবং এই অর্থবছর শেষ হওয়ার আগেই সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগস্ট মাস শেষ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথ আলোচনার মাধ্যমে নির্বাচনের ধাপ ও সময়সূচি নির্ধারণ করবে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, তার সরাসরি ফেরার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় ঘোষিত হয়েছে এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। সিলেট নগরীর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, অন্যান্য নগরের তুলনায় সিলেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
বিশেষ করে খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম প্রশংসনীয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এস এম/ ৬ আগস্ট ২০২৬









