শরীয়তপুর

শরীয়তপুরে জুলাই যোদ্ধাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতাকর্মীরা

শরীয়তপুর, ৫ আগস্ট – শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক জুলাই যোদ্ধাকে মারধরের পর বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটিয়েছেন সদর উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা তৈরি হয় এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের সংবর্ধনা দিতে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদসহ কয়েকজন নেতা কর্মী ভুক্তভোগীদের সাথে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জুলাই যোদ্ধা জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী জাকির হোসেন জানান, তিনি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। আন্দোলনে আহত হওয়ার পর সরকার তাকে স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে যাওয়ার পর বিএনপির নেতা কর্মীরা তাকে এবং অন্যদের মারধর করেন।

এদিকে অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ দাবি করেন, ইমরান আল নাজিরসহ কয়েকজন তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতিতেই এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ইমরান আল নাজির।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, বিশৃঙ্খল পরিস্থিতির সময় তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। তিনি দাবি করেন, অনুষ্ঠান শুরুর আগেই হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এনএন/ ৫ আগস্ট ২০২৬


Back to top button