ইউরোপ

রাশিয়ায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করল মস্কো

মস্কো, ৫ আগস্ট – রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার একটি বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। কিয়েভের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই ইউনিটে অন্তত ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী লঞ্চার থাকতে পারে।

এই অস্ত্রগুলো সরাসরি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক এক বিবৃতিতে জানান যে উত্তর কোরিয়ার প্রায় ৯০ জন দক্ষ সেনাসদস্য নিয়ে এই ক্ষেপণাস্ত্র ইউনিটটি গঠিত হয়েছে।

মস্কোর পরিকল্পনা অনুযায়ী এই ইউনিটকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলে অবস্থিত ১১২তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অধীনে কাজ করার জন্য সমন্বিত করা হচ্ছে। কিয়েভের সংগৃহীত গোয়েন্দা তথ্যে দেখা গেছে যে উত্তর কোরিয়া ইতোমধ্যে ৪০টি উন্নত মানের কেএন ২৩ এবং কেএন ২৪ মডেলের ক্ষেপণাস্ত্রের একটি বড় চালান রাশিয়ায় পাঠিয়েছে।

এর সাথে প্রয়োজনীয় প্রযুক্তিবিদ এবং সেনাসদস্যদেরও পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী মাসে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে এই মোতায়েনের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হতে পারে। দীর্ঘ বিরতির পর গত সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের আবাসিক এলাকাগুলোতে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

ওই হামলায় একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে একই পরিবারের পাঁচজন সদস্য প্রাণ হারান। বর্তমানে ইউক্রেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে এবং মস্কো এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল কাজ।

এর ফলে কিয়েভের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। বিশেষ করে সামনে শীতকাল আসার কারণে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা বাহিনীকে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে কেএন ২৩ এবং কেএন ২৪ ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হলেও এগুলো লক্ষ্যভেদে কিছুটা কম নির্ভুল।

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতা অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে। এর আগে উত্তর কোরিয়া রাশিয়াকে লক্ষ লক্ষ কামানের গোলা এবং কুরস্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়ে সহায়তা করেছিল।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button