জাতীয়

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ঢাকা, ৪ আগস্ট – ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামের ঠিকাদার নয় বরং তারা এই ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে।

বর্তমানে তারা বিভিন্ন মাধ্যমে সরকারি দল ও জোটের নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর দেশের মানুষ বর্তমানে আন্দোলন বা সংগ্রামের রাজনীতি চাচ্ছে না। বর্তমান সরকারের বয়স এখনও ছয় মাস পূর্ণ হয়নি কিন্তু এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সরকার দায়িত্ব ছেড়ে দিলে রাষ্ট্র পরিচালনার বিকল্প শক্তি কে আছে?

এই মুহূর্তে ভূ রাজনৈতিক সংকটে বিএনপি ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো বিকল্প শক্তি নেই বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

আন্দোলনের শেষ সময়ে একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। এখন তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করার ফায়দা লুটতে চায়। তাই দেশের বৃহত্তর স্বার্থে এই গোষ্ঠীর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এস এম/ ৪ আগস্ট ২০২৬


Back to top button