জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, প্রধান অতিথি তারেক রহমান

ঢাকা, ৪ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিকেলে ৩টায় ঢাকার ফার্মগেটের খামারবাড়ি কৃষি ইনস্টিটিউটে এই সভা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই শিরোনামের এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এই আলোচনা সভায় জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান রাখতে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বর্তমানে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button