জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস!

ঢাকা, ৩১ জুলাই – দেশের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা ঢেলে সাজাতে এবার নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে ঢামেক হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ‘সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে মির্জা আব্বাসকে এই পদে পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা সেবার সার্বিক মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে গঠিত ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব প্রদান করা হলো।

দেশের অন্যতম বৃহত্তম এই সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব এই কমিটির হাল ধরায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং রোগী সেবার সার্বিক মান আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button