জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ব্যয়ে শীর্ষে জামায়াত, শূন্য ব্যয় দেখাল ২৮ দল

ঢাকা, ৩১ জুলাই – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে জামায়াতে ইসলামী। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণকারী ৫০টি দলের মধ্যে ২৮টি দল তাদের দলীয় নির্বাচনী ব্যয় শূন্য দেখিয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইসি তাদের ওয়েবসাইটে দলগুলোর নির্বাচনী ব্যয়ের এই তথ্য প্রকাশ করেছে।

ইসির তথ্য অনুযায়ী গত নির্বাচনে জামায়াতে ইসলামী মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা বিএনপি ব্যয় করেছে ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ১৩৭ টাকা। দলটি সর্বোচ্চ ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছিল।

ইসি গত ২৬ জুলাই ৪৯টি রাজনৈতিক দলের ব্যয়ের হিসাব প্রকাশ করলেও কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত বিবরণ দেয়নি।

অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ জন প্রার্থীর বিপরীতে ৩৩ লাখ ৬৫ হাজার ৯৭১ টাকা ব্যয় করেছে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া এনসিপি ৩২ জন প্রার্থীর জন্য ১২ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা খরচ করেছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ২০ লাখ ৯৬ হাজার ২৬৩ টাকা এবং এবি পার্টি ১৭ লাখ ৮১ হাজার ৭১০ টাকা ব্যয় দেখিয়েছে। জাতীয় পার্টি এরশাদ ১৯২ জন প্রার্থী দিলেও তাদের দলীয় ব্যয় দেখানো হয়েছে মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা।

এদিকে ১২ জন প্রার্থী দেওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ২৩ জন প্রার্থী দেওয়া ন্যাশনাল পিপলস পার্টিসহ মোট ২৮টি দল তাদের নির্বাচনী ব্যয় শূন্য দাবি করেছে। এসব দল ইসিকে জানিয়েছে যে নির্বাচনে তাদের দলীয় তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা হয়নি।

মূলত নির্ধারিত সময়ের মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া দলগুলোর তথ্যই ইসির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button