জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের যোদ্ধা শেখ আজিজুর রহমান

ঢাকা, ৩০ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শেখ আজিজুর রহমান। মাথায় গুলির ক্ষত এবং শরীরে ছত্রিশটি স্প্লিন্টারের চিহ্ন নিয়ে আজিজুর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এই তথ্য নিশ্চিত করেছেন।

গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে মাথায় আঘাত পাওয়ার পর রক্তক্ষরণ বন্ধ করতে আজিজুর যে রক্তমাখা জাতীয় পতাকাটি মাথায় বেঁধেছিলেন, সেটিই তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সম্প্রতি গণমাধ্যমে আজিজুরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিবকে আজিজুরের খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং সাক্ষাতের ব্যবস্থা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে আজিজুরের সংগ্রাম ও ত্যাগের কাহিনী শোনেন। সিএনজি চালিয়ে পড়াশোনার খরচ চালানো এবং আন্দোলনে আহত হওয়ার বর্ণনা শুনে প্রধানমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন।

সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য যে, চব্বিশের আন্দোলনে মিরপুর দশ নম্বর ফ্লাইওভারে মাথায় পতাকা বেঁধে বীরত্ব প্রদর্শন করে আজিজুর আলোচনায় এসেছিলেন। গত উনিশে জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে তিনি মুক্তি পান।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button