জাতীয়

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর: পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা!

ঢাকা, ৩০ জুলাই –মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবার ঢাকায় পা রেখেছেন। সফরের প্রথম দিনই সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এই শীর্ষ মার্কিন কূটনৈতিক।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সার্জিও গর লিখেন, “আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় করতে একসাথে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে অনেক ইতিবাচক উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে।”

মার্কিন মুলুকে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশেষ দূত হিসেবে সার্জিও গরের এটিই প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য, নিরাপত্তা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা সহ নানা ভৌগোলিক-রাজনৈতিক ইস্যুতে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা বহন করছে এই তিন দিনের সফর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সহায়তা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকান এই বিশেষ প্রতিনিধির সফরের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্কে নতুন গতি আসবে বলে আশা করছেন দেশের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞরা।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button