দক্ষিণ এশিয়া

লাহোরে তিনতলা ভবন ধসে একই পরিবারের ১১ জনের মৃত্যু

ইসলামাবাদ, ৩০ জুলাই – পাকিস্তানের লাহোরে একটি তিনতলা ভবন ধসে পড়ার ঘটনায় একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এই ঘটনা ঘটে।

লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও এক শিশু আটকা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও জানান যে তিনতলা ভবনটির ওপরের তলা থেকে ধসে পড়া শুরু হয়ে পর্যায়ক্রমে সবকটি তলা মাটির সঙ্গে মিশে যায়। ভবনটি ধসে পড়ার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর সদস্যরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button