মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে জাহাজ নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে নতুন সামরিক জোট

রিয়াদ, ৩০ জুলাই – লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলা ও সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইয়েমেন উপকূলে হুতিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত এই জোটের সদর দফতর হবে সৌদি আরবের রাজধানী রিয়াদ। খুব দ্রুতই এই জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এই সামরিক জোটে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মিশর, তুরস্ক, জিবুতি, সোমালিয়া ও সুদানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রিয়াদ। ইতিমধ্যে মিশরের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলো এই জোটে অংশ নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে ঝুঁকি তৈরি হওয়ায় সৌদি আরব তাদের জ্বালানি তেল রপ্তানির একটি বড় অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। বর্তমানে ওই সমুদ্রপথ এবং বাব আল মানদেব প্রণালী এলাকা হুতিদের তীব্র হুমকির মুখে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং বিশ্ব বাণিজ্যে অচলাবস্থা তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, বাব আল মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে হুতিরা টোল আদায়ের পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো কৌশলগত প্রণালীতে এককভাবে টোল আদায় সম্পূর্ণ বেআইনি হলেও তারা এই পথকে স্থায়ী আয়ের উৎস বানাতে চাইছে। লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য পথকে হুতিদের দখল ও বিপর্যয় থেকে মুক্ত রাখতেই সৌদি আরব তড়িঘড়ি করে এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button