জাতীয়

পেপ্যাল ও পেওনিয়ার সেবা দেশের ব্যাংকিং খাতে যুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

ঢাকা, ৩০ জুলাই – আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল, পেওনিয়ার ও স্ট্রাইপের মতো প্ল্যাটফর্মের সেবা দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও অন্যান্য বৈদেশিক লেনদেনে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেবা রপ্তানি ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রাহকদের বহির্মুখী বৈদেশিক অর্থ পরিশোধের সুবিধা দিতে পারবে। এসব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা সিডিপিএসপি হিসেবে বিবেচনা করা হবে।

নীতিমালার আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএ চালুর সুযোগ রাখা হয়েছে। এটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে থাকা একটি মাস্টার ডিভিএর অধীনে পরিচালিত হবে।

ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক ব্যয় নির্বাহ করা যাবে। পাশাপাশি সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং সীমিত পরিসরে আন্তর্জাতিক ই-কমার্স লেনদেনও করা যাবে। এই সুবিধা রিটেনশন কোটার বৈদেশিক মুদ্রা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের অর্থের বিপরীতেও প্রযোজ্য হবে। তবে কোনো ব্যাংক এ ধরনের সেবা চালুর আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং কাঠামোর সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।

আগে ব্যাংকগুলোর মাধ্যমে মূলত অনলাইন গেটওয়ের সাহায্যে বিদেশ থেকে অর্থ আনার সুযোগ থাকলেও নতুন নীতিমালা আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনের পরিধি আরও বিস্তৃত করবে।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button