কানাডার তিনটি ফেডারেল আসনে উপনির্বাচন ৩১ আগস্ট

অটোয়া, ২৯ জুলাই – কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো, অন্টারিওর বিচেস-ইস্ট ইয়র্ক এবং কুইবেকের শিকুতিমি-লে ফিয়র আসনে ভোট গ্রহণ করা হবে। লিবারেল পার্টির সাবেক এমপি জনাথন উইলকিনসন ও নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং কনজারভেটিভ পার্টির সাবেক এমপি রিচার্ড মার্টেলের পদত্যাগের ফলে এই আসনগুলো শূন্য হয়েছিল।
বর্তমানে স্পিকার ছাড়াই হাউস অব কমন্সে ক্ষমতাসীন লিবারেল পার্টির আসন সংখ্যা ১৭১টি। তবে ২৮ আগস্ট সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর পদত্যাগের পর তা ১৭০-এ নেমে আসবে। এই পরিস্থিতিতে সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে অন্তত একটি আসনে জয়লাভ করা দলটির জন্য অত্যন্ত জরুরি।
বিরোধী দলগুলোর মধ্যেও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কনজারভেটিভ পার্টির এমপি ক্যাথি ওয়াগানটল আগামী ৩১ আগস্ট পদত্যাগ করার কথা জানিয়েছেন। পাশাপাশি নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এমপি আলেক্সান্দ্র বুলরিস কুইবেকের প্রাদেশিক নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
তবে কুইবেকের সাঁ-ইয়াসিন্ত-ব্যাগো-আকতঁ আসনের উপনির্বাচনের বিষয়ে এখনো কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে লিবারেল পার্টি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
দলটির হয়ে লড়াই করবেন ব্রেডেন কেলি, তানভির শাহনাওয়াজ ও ড্যানিয়েল গোবেইল। অন্যদিকে কনজারভেটিভ পার্টি স্টিফেন কারান ও রেজি গদ্রোর প্রার্থিতা নিশ্চিত করেছে। এনডিপি জানিয়েছে যে তাদের মনোনয়ন প্রক্রিয়া এখনো চলমান এবং খুব দ্রুতই প্রার্থীদের নাম জানানো হবে।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









