উত্তর আমেরিকা

মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে সিনেটের চূড়ান্ত অনুমোদন পেলেন জে ক্লেটন

ওয়াশিংটন, ২৯ জুলাই – যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই হিসেবে জে ক্লেটনের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটে ৫১-৪৭ ভোটের ব্যবধানে সাবেক এই ওয়াল স্ট্রিট আইনজীবীর নিয়োগ নিশ্চিত করা হয়।

বাজেট সংকোচন ও ধারাবাহিক কর্মী ছাঁটাইয়ের কারণে বর্তমানে মার্কিন গোয়েন্দা দপ্তরগুলো যখন কঠিন সময় পার করছে, ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে সংস্থাটির হাল ধরলেন তিনি। এর আগে বিল পুলটে মাত্র ৪০ দিনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে থেকে বড় ধরনের কর্মী ছাঁটাই পরিচালনা করেছিলেন।

তারও আগে গত জুন মাসে এ পদ থেকে পদত্যাগ করেন তুলসি গ্যাবার্ড। বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার মতে, ক্লেটনের প্রধান চ্যালেঞ্জ হবে বিদ্যমান সংকট মোকাবিলা করে গোয়েন্দা দপ্তরের কার্যক্রম গতিশীল রাখা। গত জুন মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই পদের জন্য মনোনীত করেছিলেন। তবে তার নিয়োগ প্রক্রিয়া ছিল বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ।

গত ১৫ জুলাই সিনেটের শুনানিতে ২০২০ সালের নির্বাচন ও ব্যালট জালিয়াতি ইস্যুতে ডেমোক্র্যাট সদস্যদের তীব্র জেরার মুখে পড়েন তিনি। অন্যদিকে রিপাবলিকান নেতারা তাকে একজন যোগ্য ও দক্ষ নেতা হিসেবে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন।

পেশাগত জীবনে জাতীয় নিরাপত্তা নয় বরং করপোরেট আইনেই ক্যারিয়ার গড়েছেন ১৯৬৬ সালে জন্মগ্রহণ করা জে ক্লেটন। পেন্সিলভেনিয়া ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় সুলিভান অ্যান্ড ক্রমওয়েল নামক ল ফার্মে কর্মরত ছিলেন।

প্রশাসনিক অভিজ্ঞতায় জে ক্লেটন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হিসেবেও নিযুক্ত হন। এবার দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে এক নতুন দায়িত্ব পালন করবেন তিনি।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button