জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি তবে প্রস্তুত রয়েছে ইসি

ঢাকা, ২৮ জুলাই – রাষ্ট্রপতি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা না হলেও এই নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

সিইসি জানান যে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে পরামর্শের বিধান রয়েছে। সেই নিয়মের অংশ হিসেবেই নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে।

জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এই নির্বাচন এক পদ্ধতিতে হয় এবং না থাকলে ভিন্ন ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক ও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রেখেছে।

ভোটার তালিকা পাওয়ার জন্য ইতোমধ্যে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button