জাতীয়

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৭ জুলাই – সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষে নতুন প্রজন্মের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ পুনর্গঠনের গুরুদায়িত্ব বর্তমান প্রজন্মকেই কাঁধে তুলে নিতে হবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমাদের সন্তানরা সফলতার স্বাক্ষর রাখতে পারে, সেটিই হবে আগামীর প্রত্যাশা।

সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া উৎসব নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫ ২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে নানা সীমাবদ্ধতা ও সমস্যা থাকলেও সবাইকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে যদি সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা যায়, তবেই একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার বিষয়েও সমানভাবে মনোযোগী হতে হবে।

তরুণরা যে পেশাতেই নিজেদের নিয়োজিত করতে চায় না কেন, সরকার তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির যত্ন নেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এনএন/ ২৭ জুলাই ২০২৬


Back to top button