প্রবাসীদের জন্য হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হচ্ছে

ঢাকা, ২৬ জুলাই – রাজধানীর আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্পে বিদেশে গমনেচ্ছু কর্মীদের জন্য ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই নতুন পদক্ষেপের কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও ধর্মমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী জানান যে বর্তমানে বিমানবন্দরে গমনাগমনকারী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স সেন্টারে মাত্র ৪৯ জনের থাকার সুযোগ রয়েছে।
সংকটকালীন পরিস্থিতি বা আকস্মিক ফ্লাইট বাতিলের সময় প্রবাসীদের দুর্ভোগ কমাতে এই নতুন ১০০টি শয্যা কার্যকর ভূমিকা রাখবে। এই ব্যবস্থায় পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে ৫০টি করে শয্যা থাকবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই পুরো উদ্যোগের অর্থায়ন করবে।
বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির ওপর গুরুত্বারোপ করে আরিফুল হক চৌধুরী বলেন যে সরকার প্রবাসীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। যুদ্ধবিগ্রহ বা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় ফ্লাইট বিলম্বিত হয় যার ফলে কর্মীরা আবাসন সংকটে পড়েন।
হজ্জ ক্যাম্পের এই বিশেষ শয্যা ব্যবস্থা তাদের সেই ভোগান্তি অনেকাংশে লাঘব করবে। পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ এবং ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









