সৌদি আরবের জিজান শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ, ২৫ জুলাই – সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর আগে শুক্রবার ইয়েমেনের হোদেইদা বন্দরনগরী এবং কাছাকাছি কামারান দ্বীপে হুথি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব।
হুথিদের দাবি অনুযায়ী সেই হামলার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ভোরে হুথিদের আনসারুল্লাহ মিডিয়া টেলিগ্রামে জানায় যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান শহরে আঘাত হেনেছে এবং সেখানে বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সৌদি আরব যখন হোদেইদা ও কামারান দ্বীপে হামলা চালায় তখন হুথি গোষ্ঠী সেটিকে বিপজ্জনক উসকানি হিসেবে অভিহিত করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আনসারুল্লাহ মিডিয়া আরও জানায় যে বেসামরিক স্থাপনায় সৌদি আরবের এই আগ্রাসন অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে এবং এমন অপরাধের জবাব তারা দিতে থাকবে। এদিকে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









