জাতীয়

রাষ্ট্রপতির পদ শূন্য: দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

ঢাকা, ২৪ জুলাই – রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য এই নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। ভোটার তালিকা প্রস্তুত করার পরই তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেওয়া হবে। যদি একক প্রার্থী থাকেন তবে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। অন্যথায় নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার সাপ্তাহিক ছুটির পর আগামী রবিবার এ বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এনএন/ ২৪ জুলাই ২০২৬


Back to top button