জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ২৩ জুলাই – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত তথ্যগুলো এখন পর্যন্ত গুঞ্জন হিসেবেই রয়েছে। বিষয়টি যদি বাস্তবে রূপ নেয় তবে সরকার এবং জনসাধারণ সবাই তা জানতে পারবে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান তবে সে ক্ষেত্রে দেশের সংবিধানে সুষ্পষ্ট বিধান রয়েছে।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। মন্ত্রী আরও স্পষ্ট করেন যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কাছে বর্তমানে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

তিনি বলেন যে এটি কোনো সরকারি পদক্ষেপের বিষয় নয় এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নতুন কিছু বলারও নেই। রাষ্ট্রপতি ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান কি না সেই বিষয়ে তাকেই প্রশ্ন করা সমীচীন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button