বিজ্ঞান ও প্রযুক্তি

সচল হয়েছে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ, দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো সেবা

ঢাকা, ১৯ জুলাই – দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বিভ্রাট কাটিয়ে পুনরায় সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রবিবার দুপুর দেড়টার পর থেকে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন যে তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। পাশাপাশি ওয়েবসাইট ও অ্যাপ লোড হতে অস্বাভাবিক বিলম্ব এবং নিউজফিড হালনাগাদ না হওয়ার মতো জটিলতাও দেখা দেয়।

বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায় যে রবিবার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী মোবাইল অ্যাপের তুলনায় ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব বা ডেস্কটপ সংস্করণেই বেশি সমস্যা অনুভূত হয়েছে।

বিশেষ করে বার্তা আদান প্রদান এবং ফিড স্ক্রল করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাধার মুখে পড়েন। দীর্ঘ সময় পর পরিষেবাটি পুনরায় সচল হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মধ্যে। তবে কী কারণে এই যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল সে সম্পর্কে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button