মধ্যপ্রাচ্য

লোহিত সাগরের তেল পরিবহন পথ বন্ধের জন্য হুথিদের নির্দেশ দিল ইরান

তেহরান, ১৬ জুলাই – যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইরানের এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন এবং চরম সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আঞ্চলিক একটি সূত্র জানিয়েছে, দেশটির নীতিনির্ধারক মহলে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর মিত্র গোষ্ঠী হুথিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই নির্দেশ ঠিক কীভাবে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই এটি করা হয়েছে কি না, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

এদিকে হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে তারা এখন তেহরানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ থাকায় লোহিত সাগরের জাহাজ চলাচলে হুথিরা আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যের প্রধান দুটি তেল রপ্তানি রুটই অচল হয়ে পড়বে। এটি বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটকে ভয়াবহ রূপ দিতে পারে।

ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। আঞ্চলিক এই উত্তেজনার মধ্যে সোমবার সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে টিকে থাকা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের বিশ্লেষক তরবজর্ন সলভড জানিয়েছেন, লোহিত সাগরের রপ্তানি অবকাঠামো আক্রান্ত হলে তা তেল সরবরাহের একমাত্র বিকল্প পথটিও বন্ধ করে দেবে।

রিয়াদের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান ও হুথিদের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সৌদি আরব।

এনএন/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language