ফুটবল

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে টরন্টো: বিশ্বকাপ ফাইনাল ঘিরে উদ্বেগ

অটোয়া, ১৬ জুলাই – কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। এর প্রভাবে শহরটির বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং বর্তমানে এটি বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে। কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স বর্তমানে ১০ এর উপরে অবস্থান করছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দমবন্ধকর পরিস্থিতি আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস এবং নিউ হ্যাম্পশায়ারসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার এবং কঠোর পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

গ্যালারিতে ৮০ হাজার দর্শক এবং সেন্ট্রাল পার্কে খেলা দেখার জন্য প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও বায়ুদূষণ আয়োজকদের দুশ্চিন্তায় ফেলেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে টরন্টোর বায়ুমান বর্তমানে কঙ্গোর কিনশাসা ও ভারতের নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, তীব্র দাবদাহের কারণে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে যার মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে।

চলতি মৌসুমে দেশটিতে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্যদিকে অন্টারিওর আর্মস্ট্রং এলাকায় একটি ট্রেন আগুনের ঘেরাওয়ে পড়ার পর সেখান থেকে রেলকর্মী ও স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এস এম/ ১৬ জুলাই ২০২৬

Back to top button