জাতীয়

১৬ জুলাই শহিদ দিবস ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত

ঢাকা, ১৫ জুলাই – আগামী ২০২৬ সাল থেকে ১৬ জুলাই জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে এসব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

১৬ জুলাই জুলাই শহিদ দিবস উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।

এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।

সভায় গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language