সৌদি আরবের আবহা বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

রিয়াদ, ১৪ জুলাই – সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে অন্যতম বড় উত্তেজনাকর ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, সোমবার সানা বিমানবন্দরে সৌদি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই আক্রমণ চালায় হুতি গোষ্ঠী। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে।
এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছিল, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতেই সানায় ওই বিমান হামলা চালানো হয়েছিল। দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর এই ঘটনা দুই পক্ষের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, এই অঞ্চল নতুন কোনো সংঘাত সহ্য করার মতো অবস্থায় নেই। তিনি সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে ২০১৫ সালে সৌদি জোট অভিযানে নামে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









