জাতীয়

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: বৃক্ষরোপণ শেষে যোগ দেবেন সাংগঠনিক সভায়

বরিশাল, ১৩ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সড়কপথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নির্ধারিত সভামঞ্চে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে এটিই তার প্রথম সফর।

সফরসূচির শুরুতে তিনি গৌরনদীর সরিকল বাটাজোর খালপাড়ে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সেখানে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন।

সেখানে তিনি বরিশালের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃত আমড়া এবং নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। এই কর্মসূচির আওতায় খালপাড় এলাকা জুড়ে শতাধিক দেশীয় ফলদ, বনজ ও ফুলের চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত সভায় বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্যগণ, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে সকাল ৬টায় রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে সড়কের দুই পাশে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language