ইউরোপ

ইংল্যান্ডে আগামী ৮ মার্চ থেকে স্কুল খুলছে

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি – চার দফায় লকডাউন তুলে ইংল্যান্ডে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর প্রথম ধাপে ৮ মার্চ খুলে দেয়া হবে স্কুল। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, শিশুদের স্কুলে ফিরিয়ে আনা সবসময়েই আমাদের প্রথম লক্ষ্য। তাদের শিক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যা সবচেয়ে জরুরি। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ফের প্রিয়জনদের সঙ্গে মেলামেশা করতে পারেন, তা-ও আমরা দেখছি।

প্রথম ধাপে দু’ভাগে লকডাউন তোলা হবে বলে পরিকল্পনা করেছে সরকার। ৮ মার্চ থেকে খুলে দেওয়া হবে সব স্কুল। পাশাপাশি দুই ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি খেতে বা পিকনিক করতে যেতে পারবেন। দ্বিতীয় ভাগে ২৯ মার্চ থেকে বাড়ির বাইরে দেখা করতে পারবেন ছ’জন বা দুটি আলাদা বাড়ির বাসিন্দারা। বাইরে বেরিয়ে টেনিস ও বাস্কেট বল খেলার অনুমতি দেওয়া হবে বড়দের পাশাপাশি ছোটদেরও।

আরও পড়ুন : ব্রিটেনে কমেছে করোনার তাণ্ডব, আসছে নতুন নির্দেশনা

৮ মার্চ থেকে ইংল্যান্ডের কেয়ার হোমের বাসিন্দাদের সঙ্গে প্রতিদিন একজন করে আত্মীয় বা বন্ধু দেখা করতে পারবেন। মনে করা হচ্ছে, ২৯ মার্চ থেকে নিজের এলাকার বাইরে ফের পা রাখতে পারবেন বাসিন্দারা। তবে রাত কাটানো চলবে না বাইরে।

লকডাউন তোলার দ্বিতীয় পর্যায়ে খোলা হবে দোকানপাট। পাব ও রেস্তরাঁগুলোতে বাইরে বসে পানাহার করা যাবে। মে মাস থেকে খেলাধুলা ও গানবাজনার অনুষ্ঠান চালু হবে। তবে প্রয়োজন না-হলে বাড়ি থেকে অফিসের কাজ করার চালু থাকবে এখনও এবং আন্তর্জাতিক সফর বন্ধ রাখা হবে।

ধাপে ধাপে লকডাউন তোলার এই গোটা প্রক্রিয়ায় নজর রাখবে প্রশাসন। সঙ্গে চলবে টিকাকরণের কাজও। সরকার আশা করছে, মে মাসের মধ্যে ব্রিটেনের প্রত্যেক প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language