হরমুজ প্রণালিতে নেভিগেশন ফি চালুর প্রস্তাব নিয়ে ইউরোপের আলোচনা

লন্ডন, ১২ জুলাই – ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নেভিগেশন ফি বা মাশুল চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে প্রস্তাবিত এই অর্থ প্রদান বাধ্যতামূলক হবে না এবং এর জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সমর্থন থাকতে হবে বলে শর্ত রাখা হয়েছে।
যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি সতর্ক করে বলেছেন যে জাহাজ চলাচলে বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তবে দেশটির সরকারের কয়েকজন মন্ত্রী মনে করেন যে নির্দিষ্ট নৌ নির্দেশনা বা নেভিগেশন সেবার বিনিময়ে অর্থ আদায়ের নিয়ম বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জলপথেই বিদ্যমান রয়েছে।
এর উদাহরণ হিসেবে তারা মালাক্কা প্রণালি ও ইংলিশ চ্যানেলের কথা উল্লেখ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে এই মর্মে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন যেন দেশটি নিশ্চিত করে যে হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত থাকবে।
একই সঙ্গে এই পথ ব্যবহারকারী কোনো বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হবে না এমন নিশ্চয়তাও দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে এ ধরনের কোনো সমঝোতায় পৌঁছানো বা তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।
তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে হরমুজ প্রণালি সংক্রান্ত সিদ্ধান্তসহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির নেতৃত্ব সম্পূর্ণ ঐক্যবদ্ধ।
এস এম/ ১২ জুলাই ২০২৬









