৩৭১ দিনের অপেক্ষার অবসান: জিম্বাবুয়ের বিপক্ষে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ

হারারে, ১১ জুলাই – বিদেশের মাটিতে দীর্ঘ জয়ের খরা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে ৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জয়ের স্বাদ পেল টাইগাররা।
জিম্বাবুয়ের দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত তৈরি হয়। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দলের পক্ষে শরিফুল ইসলাম ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। জিম্বাবুয়ের পক্ষে মাধভেরে ও ইভান্স অর্ধশতক তুলে নিলেও বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। জবাবে ব্যাটিংয়ে নেমে সৌম্য ও তামিম ১৫১ রানের রেকর্ড ওপেনিং জুটি উপহার দেন। সৌম্য সরকার ৬৯ রান করে আউট হলেও তানজিদ তামিম শতকের খুব কাছে গিয়ে ৯৪ রানে বিদায় নেন।
শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহানের ব্যাটে চড়ে ৮৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।
এনএন/ ১১ জুলাই ২০২৬









