ইউরোপ

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক অ্যান উইডিকম্ব খুন

লন্ডন, ১১ জুলাই – যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং রিফর্ম ইউকে দলের প্রভাবশালী রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার ২৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ৭৮ বছর বয়সি উইডিকম্বের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত নিউটন অ্যাবট শহর থেকে সন্দেহভাজনকে আটক করা হয়। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট লংম্যান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা বা রাজনৈতিক উদ্দেশ্য থাকার প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দুপুরে একটি কল পেয়ে কর্মকর্তারা উইডিকম্বের বাড়িতে পৌঁছান এবং সেখানে তাকে মৃত অবস্থায় পান। বর্তমানে ওই বাড়িতে ফরেনসিক পরীক্ষা ও নিবিড় তদন্ত চলছে। উইডিকম্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার দীর্ঘ জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে একজন সাহসী ব্রেক্সিটপন্থি এবং বলিষ্ঠ বক্তা হিসেবে অভিহিত করেছেন। অ্যান উইডিকম্ব তার কট্টর সামাজিক রক্ষণশীল অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জন মেজরের কনজারভেটিভ সরকারে তিনি জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দলের অভিবাসন ও বিচার বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি গর্ভপাত এবং সমকামীদের সমানাধিকারের ঘোর বিরোধী ছিলেন।

রাজনীতির পাশাপাশি ২০১০ সালে জনপ্রিয় টিভি শো স্ট্রিক্টলি কাম ড্যান্সিং-এ অংশ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। এই হত্যাকাণ্ড যুক্তরাজ্যে রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির জো কক্স এবং ২০২১ সালে ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language