কানাডা ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু

অটোয়া, ৯ জুলাই – কানাডা ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে একটি মুক্ত বাণিজ্যচুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু করেছে। দুই দেশের সরকারের পক্ষ থেকে এক যৌথ ঘোষণায় জানানো হয়েছে যে এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করা হবে।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এর আগে বাণিজ্যমন্ত্রীদের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও বর্তমানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। আগামী কয়েক মাসের মধ্যে উভয় দেশের কারিগরি প্রতিনিধি দল প্রথম দফার আলোচনার প্রস্তুতি গ্রহণ করবে এবং চুক্তির সামগ্রিক লক্ষ্য ও পরিধি নির্ধারণ করবে।
এই সম্ভাব্য চুক্তিতে পণ্য ও সেবা খাতের বাণিজ্য সহজীকরণ বিনিয়োগ বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া জ্বালানি খনিজ মহাকাশ গবেষণা ও উন্নত প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উভয় দেশই মনে করছে যে এই উদ্যোগ তাদের অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে বৈশ্বিক প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে কানাডার উদ্যোগে নতুন আন্তর্জাতিক ব্যাংক ডিএসআরবি গঠন করা হবে।
এই উদ্যোগে ইতোমধ্যে কানাডা আলবেনিয়া বেলজিয়াম গ্রিস লাটভিয়া লুক্সেমবার্গ রোমানিয়া তুরস্ক এবং ইউক্রেন আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। প্রস্তাবিত এই ব্যাংকের সদর দফতর কানাডায় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
এর মাধ্যমে প্রতিরক্ষা প্রকল্পে সহজ শর্তে ঋণ এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। ২০২৭ সালের মধ্যে ব্যাংকটি প্রায় ১৩৪ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করতে আগ্রহী।
এস এম/ ৯ জুলাই ২০২৬









