জাতীয়

বৈরী আবহাওয়ায় ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার সাময়িক স্থগিত

ঢাকা, ৭ জুলাই – টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে আজ বড়পর্দায় ফুটবলপ্রেমীদের কাঙ্ক্ষিত আর্জেন্টিনার ম্যাচটিও দেখার সুযোগ থাকছে না।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সকল আয়োজন স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বুধবার থেকে পুনরায় পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ার এই প্রদর্শনীর আয়োজন করে।

টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় এই খেলাগুলো দেখানো হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ জানান, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

টানা বৃষ্টির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত। তবে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে। এদিকে বড়পর্দায় খেলা দেখতে না পেরে হতাশ অনেক শিক্ষার্থী।

তবে উদ্ভূত পরিস্থিতিতে তারা আয়োজকদের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল থেকেই ফের উৎসবের আমেজে খেলা দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language