এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: ছয় ক্যাটাগরির আবেদন স্থগিত করল ইসি

ঢাকা, ৭ জুলাই – নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ঘ ক্যাটাগরি ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই ছয় ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
তবে সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ক-১ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে।
এছাড়া ক ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, খ-১ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং খ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রদান করা হয়েছে। গ-১ ও গ ক্যাটাগরির আবেদনের নিষ্পত্তির দায়িত্ব যথাক্রমে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে যে যেসব আবেদন অনলাইনে করা সম্ভব সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
এস এম/ ৭ জুলাই ২০২৬









