জাতীয়

শেখ হাসিনাকে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মানতে হবে: রুমিন ফারহানা

ঢাকা, ৬ জুলাই – ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান তবে তাকে অবশ্যই প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আইনিভাবে শেখ হাসিনার দেশে ফেরার পথে কোনো বাধা নেই।

তবে তাকে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করতে হবে এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্ধারিত আইনি ধাপগুলো পার হতে হবে। বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার ঐতিহ্য রয়েছে।

বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা বাঞ্ছনীয়। রুমিন ফারহানার মতে, যদি একটি ছায়া মন্ত্রিসভা মন্ত্রণালয়ভিত্তিক কাজের পর্যালোচনা করে সরকারের ভুলগুলো ধরিয়ে দেয় এবং গঠনমূলক সমালোচনা ও উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দেয়, তবে তা দেশের গণতান্ত্রিক চর্চাকে অনেক বেশি শক্তিশালী ও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকরা।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language