কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১১, আহত ৪৬

কিয়েভ, ৬ জুলাই – ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার কিয়েভের সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান হামলার পর শহরের ২০টিরও বেশি স্থানে উদ্ধার অভিযান চলছে। রুশ হামলায় অন্তত দুটি জেলায় বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাটো শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই হামলা চালানো হলো।
সম্মেলনের অবসরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে জেলেনস্কি সতর্ক করেছিলেন যে মস্কো কিয়েভে আরও বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানায় বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিঝঝিয়া শহরেও রুশ গাইডেড বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও দুই শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।
পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া যদিও ইউক্রেন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন সীমান্তজুড়ে একটি বাফার জোন গড়ে তোলার কাজ চলছে।
এস এম/ ৬ জুলাই ২০২৬









