পর্তুগাল

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের এক প্রবাসী তরুণের মৃত্যু

লিসবন, ৬ জুলাই – ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আলমেদায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে।

কামরানের এই অকাল মৃত্যুতে আলমেদাসহ পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসীরা দুর্ঘটনার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে দেশে গিয়ে বিয়ে করেছিলেন কামরান।

জীবিকার তাগিদে এবং পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিনি পুনরায় পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কর্মস্থলে ফেরার এই লড়াইয়ে তার অকাল বিদায় শোকাতুর করে তুলেছে পুরো পরিবারকে।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language