জাতীয়
বিশ্বকাপ ফুটবল সম্প্রচারস্বত্বে বিটিভিকে ভ্যাট অব্যাহতি দিল সরকার

ঢাকা, ৫ জুলাই – চলতি ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনকে ভ্যাট বা মূসক অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যা ইতিমধ্যে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রেই কেবল এই ভ্যাট অব্যাহতি সুবিধা কার্যকর হবে।
তবে কোনো সাব লাইসেন্সি প্রতিষ্ঠান বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। অর্থ পরিশোধ করার ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে প্রয়োজনীয় হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যদি কোনো ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করা হয় তবে প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট আদায় করা হবে বলে প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









