দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ

মুম্বাই, ৫ জুলাই – ভারতের মহারাষ্ট্র রাজ্যে স্কুল ও কলেজের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের পর প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতে জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কস স্ট্রিং এর স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রশ্নের জবাবে রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

বিধায়ক বিক্রম পচপুতে উল্লেখ করেন যে, এসব পানীয় শিশুদের মধ্যে ক্ষতিকর আসক্তি তৈরি করছে। পানীয়র বোতলে শিশু ও গর্ভবতী নারীদের জন্য এটি উপযুক্ত নয় বলে সতর্কতা থাকলেও স্কুলের সামনে তা অবাধে বিক্রি হচ্ছে। তার মতে, দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় এসব পানীয় অ্যালকোহলের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে।

মন্ত্রী নরহরি জিরওয়াল জানান, সরকারের এই নতুন নির্দেশনা অনুযায়ী স্কুলের চারপাশে ৫০০ মিটার এলাকাকে নিষেধাজ্ঞা বলয় হিসেবে গণ্য করা হবে। এই সীমানার মধ্যে মাদকদ্রব্যের পাশাপাশি সব ধরনের এনার্জি ড্রিঙ্কস বিক্রিও কঠোরভাবে বন্ধ করা হবে।

এদিকে মহারাষ্ট্রের এই উদ্যোগের পর কর্ণাটকেও একই দাবি জানিয়েছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শশীধর কোসাম্বে। তিনি উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে চিঠি লিখে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিঙ্কস ও নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ করার অনুরোধ জানান।

তিনি চিঠিতে উল্লেখ করেন যে, এসব পানীয়ের কৃত্রিম রং এবং রাসায়নিক উপাদান শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ রয়েছে। কোসাম্বে এই সীমানা বাড়িয়ে ৫০০ মিটার করার এবং এতে এনার্জি ড্রিঙ্কস অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

এস এম/ ৫ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language