গুলিস্তানে বিএনপি-জামায়াত রণক্ষেত্র! ছুরিকাঘাতে গুরুতর জখম জামায়াত নেতা

ঢাকা, ৪ জুলাই – রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মো. কবির আহমেদ নামে জামায়াতের এক নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মিছিল চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
আহত কবির আহমেদ জামায়াতে ইসলামীর রোকন এবং দলটির গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পেশায় একজন মোবাইল পার্টস ব্যবসায়ী।
বংশাল থানার পরিদর্শক সোহেল হোসেন জানান, ফুলবাড়িয়া এলাকায় দুই পক্ষের মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে জামায়াতের এক নেতা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
আহত কবিরের সাথে হাসপাতালে আসা আক্তার হোসেন জানান, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে কে বা কারা কবিরের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন এবং একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
আহত কবির আহমেদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম তৌহিদ হোসেন।
এনএন/ ৪ জুলাই ২০২৬









