জাতীয়

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ

ঢাকা, ৪ জুলাই – উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার প্রকাশিত এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে একই অবস্থানে রয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলেদের উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language