জাতীয়

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ৫ আগস্টেই হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৪ জুলাই – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে এবং তাদের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

এই দেশের মাটিতে এই দলটি আর কখনোই রাজনীতি করার সুযোগ পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।

বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচারী শক্তি বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।

আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা জুলাই আন্দোলনের গুরুত্ব এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language