উদ্ভাবন ও প্রযুক্তিতে তরুণদের মনোযোগী হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও, ৩ জুলাই – তরুণ প্রজন্মকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলার সেচপাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সোলেমান আলীর উদ্ভাবনের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে কিংবা পরনির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে।
তিনি উল্লেখ করেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন বা খেলাধুলা নিয়ে মেতে থাকলে সামগ্রিক উন্নতি সম্ভব নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক আয় বৃদ্ধি পায়। তিনি তরুণদের প্রযুক্তি ও ব্যবসার দিকে অধিকতর মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের সুবিধা দেশের প্রায় চার কোটি মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ হবেন। এছাড়া খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের খাদেম ও ইমামদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনুদান প্রদানের বিষয়টিও তিনি আলোচনা করেন।
সোলার পাম্পের উদ্বোধন শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী জেলার ২৬৫ জন অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে তুলা চাষের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনএন/ ৩ জুলাই ২০২৬









