দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ৩ জুলাই – বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আটটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে যে গভীর রাতের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও জানানো হয় যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
এনএন/ ৩ জুলাই ২০২৬









